রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বিএনপির তিন সংসদ সদস্যসহ মোট ছয়জন এমপি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভোট না দেওয়া এমপিরা হলেন বিএনপির মির্জা আব্বাস, ড. ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এছাড়া জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। খবর বাংলানিউজের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। তাই জাতীয় সংসদে ৩৫০ জন সদস্য থাকার কথা থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েছেন ৩৪৯ জন। সব এমপির ভোট দেওয়ার সুযোগ থাকলেও ওই ছয়জন ভোটে অংশ নেননি। ফলে মোট ভোট পড়ে ৩৪৩টি।












