কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ট্রাক ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে কক্সবাজার–টেকনাফ সড়কের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই টেক্সির যাত্রী। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে রুবিনা আক্তার ও তার বোন শাহিনা আক্তার উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত পুরুষের পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যদিকে আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই বোন উখিয়া থেকে কক্সবাজারে যান। কাজ শেষ করে বেলা দেড়টার দিকে টেক্সিযোগে বাড়ি ফিরছিলেন। বেলা দুইটার দিকে কক্সবাজার–টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় টেক্সিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন।
রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত ও আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় এবং আহদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











