চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল সোমবার এই তথ্য জানানো হয়। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশপাশি, বিভিন্ন প্রশাসনিক, একাডেমিকসহ বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন। তিনি প্রকৌশলীদের আর্ন্তজাতিক ও দেশীয় সংস্থা/সংগঠনের ফেলো ও সদস্য। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রত্নগর্ভা পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক উপ–কর কর্মকর্তা ছিলেন। রত্নগর্ভা মায়ের নাম হাজী চেমন আরা বেগম। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ২০০৫ সালে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি প্রায় ২২ বছর ধরে চুয়েটে শিক্ষক হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি স্টিম অ্যান্ড ইনোভেশন, ক্লিন অ্যান্ড সাসটেইনেবল অ্যানার্জি, ডি কার্বোনাইজেশন, গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ, রিনিউবেল এনার্জি, এনার্জি কনভার্সসেশন সিস্টেম, ওয়েস্ট টু এনার্জি, বায়েফুয়েল অ্যান্ড বায়োডিজেল অ্যান্ড ক্লাইম্েট চেঞ্জ প্রভৃতি বিষয়ে একজন গবেষক ও শিক্ষক। আর্ন্তজাতিক ও দেশীয় জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে। তাঁর অনেক গবেষণা আর্ন্তজাতিক ও জাতীয়ভাবে সমাদৃত। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। প্রেস বিজ্ঞপ্তি।









