জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ২৮ জুন রাঙামাটি পার্বত্য জেলায় ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতি, ডা. প্রতীক সেন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সুশীল প্রসাদ চাকমা, নন্দন দেবনাথ প্রমুখ।
এসময় সিভিল সার্জন বলেন, ক্যাম্পেইনে ৬–১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২–৫৯ মাস শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।রাঙামাটিতে ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ২ হাজার ৪১৪ জন স্বাস্থ্যকর্মী ক্যাম্পেইন কার্যক্রমে যুক্ত থাকবেন। ডা. নূয়েন খীসা জানালেন, দুর্গম এলাকার শিশুদেরও ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এদিন কোনো শিশু বাদ গেলে তাকেও পরবর্তীতে খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন।











