রাঙামাটি জেলা শহরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ছেলে নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে শহরের আসামবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম (২৩) জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড আসামবস্তি এলাকার রফিকুল ইসলাম ও রেখা ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম প্রায় সময় নেশাগ্রস্ত থাকত এবং পরিবারের লোকজনদের সঙ্গে ঝগড়া করতো। শনিবার পারিবারিক কলহের জেরে তার মাকে দা দিয়ে মারতে গিয়ে মায়ের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মায়ের হাতের আঘাতে দায়ের ধারালো অংশটি সাকিবুলের গলায় লেগে গলার অংশটি কেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, একদম শেষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার ১০ মিনিট পরে তার মৃত্যু হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনার পর নিহত ছেলের বাবা ও মাকে আটক করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।












