রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপতির পদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব পালনেরও গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার জারি করা দুটি গেজেট গতকাল শনিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। খবর বিডিনিউজের।
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ ছাড়তে পারেন বলে কয়েকদিন ধরে যে জল্পনা–কল্পনা চলছিল, শুক্রবার বিকালে তার অবসান ঘটে। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পদত্যাগপত্রে সাবেক রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
বঙ্গভবন ছাড়তে পারেন আজ বা কাল : সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার বা আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গভবনের ছাড়তে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা। গতকাল দুপুরে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের এ কর্মকর্তা বলেন, সোমবারের মধ্যে উনি বঙ্গভবন ছাড়তে পারেন। তবে রোববারও চলে যেতে পারেন। গিয়ে উনি গুলশানের বাসায় উঠবেন। সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। উনার ব্যক্তিগত উইং বিষয়টি দেখভাল করছে।












