রাঙামাটিতে রুপন চাকমা (১২) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার দায় স্বীকার করে স্বপন চাকমা (২২) নামে এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গত সোমবার বিকেলে ৪টার দিকে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রুপন চাকমা কাপ্তাই উপজেলার হরিণছড়া বাজ্জেতুলি গ্রামের বাসিন্দা লক্ষীধন চাকমার ছেলে। সে জীবতলী হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পড়ালেখার সুবাদে সে তার খালু আশ্বিনী কুমার চাকমার বাড়িতে থাকতেন। অন্যদিকে, আত্মসমর্পণকারী স্বপন চাকমা হেডম্যান পাড়ার রিময় লাল চাকমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্বপন চাকমার বাবা–মা ও রুপন চাকমার খালুরা কেউ বাড়িতে ছিলনা। তারা বাড়ির বাইরে ছিলেন। দুই বাড়িতে স্বপন ও রুপন ছিলেন। এ সময় স্বপন চাকমা রুপন চাকমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে চাকু দিয়ে রুপনের বুকে ছুরিকাঘাত ও গলা কেটে দেয়। পরে মরদেহটি রুপনের থাকার কক্ষের খাটের নিচে লুকিয়ে রেখে পাশ্ববর্তী কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জীবতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, স্বপন চাকমার বাবা ও মা দুজনেই কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা–নির্বাহ করে থাকে। সোমবার বিকেলে ছেলেকে বাড়িতে রেখে তারা মাছ শিকার করতে যায়। ওই সময় স্কুল পড়ুয়া রুপন চাকমাকে স্বপন তাদের বাড়িতে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে ও গলা কেটে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যায়।
জীবতলী মৌজার হেডম্যান হিটলার চাকমা বলেন, পুরোপুরি মানসিক ভারসাম্যহীন বলা যায় না। সে তো মাছ ধরে, বাজারেও যায় আবার মোবাইলও ব্যবহার করে। তবে মাঝে মধ্যে অসলগ্ন কথাবার্তা বলে। হয়তো কোনো কারণে রুপনের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, স্বপন চাকমা নিজেই আমার অফিসে এসেছে। সে সেন্ট্রি পোস্টের এক হাবিলদারকে বলে সেই একজনকে হত্যা করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে সেই খুন করেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, কাপ্তাই থানার ওসি, রাঙামাটি কোতোয়ালী থানার ওসিকে জানিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে স্বপন চাকমার কথাবার্তা অসংলগ্ন পাওয়া গেছে।
রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, স্বপন চাকমাকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।












