একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে পালাচ্ছিল কারটি

বিক্ষুব্ধ জনতা আটকে করল ভাঙচুর, তরুণ-তরুণী আটক

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৪:৫১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে একাধিক গাড়িকে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার আটকে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারটিতে থাকা এক তরুণ ও এক তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ির চা বাগান এলাকা থেকে ঘুরে যাওয়ার সময় ওই প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে বিভিন্ন এলাকায় গাড়ি এবং মানুষকে চাপা দেয়। এরপর কারটি দ্রুতগতিতে হাটহাজারীর দিকে পালিয়ে যেতে থাকলে স্থানীয় জনতা ধাওয়া করে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায়

সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা গাড়িটিকে ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট ও উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি জব্দ করে।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এএসপি) তারেক আজিজ বলেন, ফটিকছড়িতে চা বাগান থেকে ঘুরে আসার সময় বেশ কিছু জায়গায় গাড়ি এবং মানুষকে চাপা দিয়ে ফেলে দিয়েছে বলে আমরা শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্ত তরুণ ও তরুণী দুজনেই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো অভিযোগ করা হয়নি। তিনি আরও বলেন, বেপরোয়া গাড়ি চালানো যেমন অপরাধ, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে গাড়ি ভাঙচুর করাও অপরাধ। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যদি কোনো অভিযোগ পাওয়া না যায়, তবে আইনানুগ প্রক্রিয়ায় যেভাবে জিম্মায় দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখনো আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষায় রয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে কিশোরকে ঘরে ডেকে নিয়ে খুন, দায় স্বীকার করে যুবকের আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধ৭২৭ কোটি টাকার দুটি প্রকল্প প্রস্তাব চবির ৫০ বছরের মাস্টার প্ল্যান