লোহাগাড়ায় স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনায় ৯৯৯–এ ফোন করেন স্ত্রী জান্নাত আরা বেগম। পুলিশ ঘটনাস্থলে গেলে স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে জাল নোটসহ স্বামী শাহ আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহ আলম একই ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের পুত্র।
পুলিশ জানায়, ৯৯৯–এ পরিবারিক বিরোধের ঘটনায় জান্নাত আরা বেগম নামে এক নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এ সময় শাহ আলমকে বাসার একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। শাহ আলমের বিরুদ্ধে এর আগেও জাল টাকা সংক্রান্ত দুটি মামলা হয়েছিল। তবে ওই দুই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। স্ত্রীর অভিযোগ, শাহ আলম তাকে জাল টাকা তৈরির ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জাল নোট সরবরাহ ও লেনদেনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।











