রাউজান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের নিরাপদ ঘাঁটি

পশ্চিম গুজরা কালচারাল পার্কের অনুষ্ঠানে ড. অনুপম সেন

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, রাউজান ঐতিহাসিকভাবে সমাজ, সংস্কৃতির লালন ভূমি। বিপ্লবী মাস্টার দা, মহাকবি নবীণ সেনের মত গুণীজনদের জন্মধন্য, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের নিরাপদ ঘাঁটি। পশ্চিম গুজরা কালচারাল পার্কের মত একটি প্রতিষ্ঠান এই উপজেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় যে আলো মশাল জ্বালিয়ে রেখেছে, তা দেখে আমি বিস্মিত। আমার আশা রাউজানের এই প্রতিষ্ঠান যুগে যুগে সমাজকে আলোকিত করে রাখবে।

গতকাল ২৮ জানুয়ারি শনিবার রাউজানের পশ্চিম গুজরা কালচারাল পার্কের তিন দিনব্যাপী ১৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শুদ্ধ সংস্কৃতি চর্চায় দূর হবে সমাজের সকল অসঙ্গতি’ এই শ্লোগানে অনুষ্ঠিত বর্ষপূর্তির সমাপনী দিবসে সভাপতিত্ব করেন এসএম গোলাম নিজামী। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. নান্টু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।

অনুষ্ঠান থেকে গুণীজনদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। তিন দিনের অনুষ্ঠান কর্মসূচিতে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সাধারণ জ্ঞান নিয়ে লিখিত পরীক্ষা, চিত্রাংঙ্কন, গল্পবলা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ দলের ঐক্য প্রশ্নের মীমাংসা চান মেনন
পরবর্তী নিবন্ধজুলধায় সখিনা ইসলাম জামে মসজিদের ভিত্তি স্থাপন