প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইন ভবনে ইপসা–শিখা প্রকল্পের আওতায় এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ইপসা–শিখা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং অনলাইন প্ল্যাটফর্মে লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তোলা।
প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইপসার মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় ইপসা বিশ্ববিদ্যালয়টিতে যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগ।
এমওইউ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে একটি ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইপসা জানায়, তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের কমপ্লেইন্ট কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে সচেতনতা সেশনের আয়োজন করা হচ্ছে।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০ জুন হাজারী লেইন ভবনে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সচেতনতা সেশনটি অনুষ্ঠিত হয়। সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার এবং সদস্য সচিব উম্মে সালমা।
সেশনটি পরিচালনা করেন ইপসা–শিখা প্রকল্পের ম্যানেজার তুষার কুমার রায়। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে প্রকল্পটি লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে কাজ করছে।
তুষার কুমার রায় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সচেতনতামূলক কার্যক্রমের বিস্তার এবং কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতা সেশন অংশগ্রহণকারীদের আচরণগত দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সমস্যার যথাযথ প্রতিক্রিয়া এবং রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। একই সঙ্গে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।
সেশনে বক্তব্য রাখেন ইপসা–শিখা প্রকল্পের অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার মিশকাত হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।












