যুবককে অপহরণ করে মিয়ানমারে নিয়ে মুক্তিপণ আদায়, দুই ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থেকে এক যুবককে অপহরণ করে টেকনাফ হয়ে মিয়ানমারে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের মামলায় ২ ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে ৫ লাখ ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেনসাইফুল ইসলাম ও মো. নুরুল আবছার। রায় ঘোষণার সময় এ দু’জন কাঠগড়ায় হাজির ছিলেন না। তারা পলাতক। এ জন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ধারায় আদালত ২ আসামিকে ১২ বছরের কারাদণ্ড, ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। মামলার অপর আসামি হামিদা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২২ মে সকালে ইপিজেডের নিউমুরিং রাস্তার মুখ এলাকার বাসায় নাস্তা করছিলেন ফুটপাতের কসমেটিঙ দোকানী ও খন্ডকালিন কন্টেনার লরির হেলপার ২১ বছর বয়সী তারেক হোসেন। ওই সময়ে আসামিদের একজনের কাছ থেকে ফোন পেয়ে তিনি বাসার নিচে নামেন। কথা শেষ করে বাসায় ফিরে আসার কথা থাকলেও সেটি হয়নি। এ ঘটনায় তারেক হোসেনের ভাই মো. মোবারক হোসেন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আদালত সূত্র আরো জানায়, ফোন করে বাসা থেকে ডেকে তারেক হোসেনকে প্রথমে কঙবাজারের টেকনাফে নিয়ে যাওয়া হয় এবং সেখানের একটি ঘরে তাকে আটকে রাখা হয়। পরে সেখান থেকে বোটে করে তাকে মিয়ানমারের আকিয়াবে নেওয়া হয়। একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে তাকে ছাড়ানোর জন্য ৫ লাখ টাকা দাবি করা হয়। এরই প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে দেড় লাখ টাকা পাঠালে তারেক হোসেনকে ছেড়ে দেওয়া হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭, ৮ ও ১০ ধারা অনুযায়ী আসামিদের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান বেঞ্চ সহকারী।

পূর্ববর্তী নিবন্ধসাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, সকালে মিলল লাশ
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার দেখানো হলো দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে