যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয় : আরাকচি

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০৬ অপরাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল রোববার জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধি ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান কোনভাবেই ভীত নয়। খবর বাসসের।

এর আগে, সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর তেহরানের মারাত্মক দমনপীড়নের ঘটনায় ওয়াশিংটন হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। গতকাল রোববার কর্তৃপক্ষ সরকারবিরোধী বক্তব্যের অভিযোগে তিনজন প্রভাবশালী সংস্কারবাদীকে গ্রেফতার করেছে। ইরান জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগে বিক্ষোভের আগে গ্রেফতার হওয়া নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও কয়েক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার তেহরানে এএফপির অংশগ্রহণে এক ফোরামে বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনাগুলোতে ইরান খুব কম বিশ্বাস স্থাপন করতে পারে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে আমেরিকান পক্ষ পুনরায় আলোচনাকে গুরুত্বের সাথে নিচ্ছে কি না। পরে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা বা চলমান আলোচনা নিয়ে কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনার বিষয়ে পরামর্শ করছে তেহরান। আব্বাস আরাকচি বলেন, কেন আমরা সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না? কারণ আমরা মনে করি, আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই। আব্বাস আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েনের কথা উল্লেখ করে বলেন যে মার্কিন নৌবাহিনী মোতায়েনে আমরা ভীত নই। গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর গত শুক্রবার প্রথমবারের মতো ওমানে আলোচনা পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য যোগ দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধক্ষমা চেয়েও পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পরবর্তী নিবন্ধভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি