আফ্রিকার চার দেশে ১০ দিনের এক সফরের অংশ হিসেবে আলজেরিয়া থেকে ক্যামেরুন গিয়ে চতুর্দশ পোপ লিও বলেছেন, ধনী ও প্রভাবশালীরা শান্তিকে হুমকিতে ফেলছে। খবর বিডিনিউজের।
বুধবার ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার উপস্থিতিতে দেওয়া এক ভাষণে পোপ দেশটির সরকারকে দুর্নীতি নির্মূল এবং ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতির শৃঙ্খল ভাঙতে হবে। এই দুর্নীতি কর্তৃপক্ষকে কলঙ্কিত করে এবং তাদের গ্রহণযোগ্যতা কেড়ে নেয়। ১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বিয়া (৯৩), তার প্রধানমন্ত্রী জোসেফ ডিওন এনগুটেসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে পোপ সরাসরি দুর্নীতির সমালোচনা করেন এবং মানুষের হৃদয়কে মুনাফার পৌত্তলিক তৃষ্ণা থেকে মুক্ত করার আহ্বান জানান। পোপের এই বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট বিয়াকে নির্বিকার বসে থাকতে দেখা যায়।














