কক্সবাজার ও টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করছে অনেক পরিবহন চালক ও হেলপার। এদের অনেকেই রাতারাতি কোটিপতিও হয়েছেন। এমন একটি চক্রের দুজন সদস্যকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আলীর ছেলে বাসচালক শুকুর আলী (৪৫) ও তার সহযোগী টেকনাফের বরইতলীর আবুল কাশেমের ছেলে রফিক (৩০)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী বিলাসবহুল বাসে চালক ও হেলপারের যোগসাজশে প্রতিনিয়ত ইয়াবা পাচার হয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামু পানির ছড়া নামক স্থানে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের একটি লাক্সারিয়াস স্লিপার কোচে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











