চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে এক শিক্ষার্থীর ওপর হামলা করে স্থানীয় এক টেক্সিচালক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে অভিযুক্তকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান। আটক মোহাম্মদ হাসান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা।
চাকসু ও পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া দাবি করার প্রতিবাদ করলে ২০১৮–১৯ সেশনের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলা চালায় ওই চালক। চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন, আমাদের একজন শিক্ষার্থী ভাইয়ের উপর হামলাকারী সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। বর্তমানে তিনি আমাদের থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে আগে কোনো মামলা হয়নি। এখন মামলা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আমরা কোর্টে চালান করে দিব।












