মোবাইল নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে খুন চান্দগাঁও এলাকার ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে নগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে চান্দগাঁও থানা এলাকার লায়লা টাওয়ারের সামনে তার পূর্ব পরিচিত প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিব চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন আজাদীকে জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিতের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা অভিযানে আছি।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকমান হোসেন মুন্না আজাদীকে জানান, নিহত মো. সাকিবেব বাড়ি চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার সালেহ আহমদ চৌধুরীর বাড়ি।

জানা গেছে সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার প্রতিপক্ষ। এসময় রক্তাক্ত অবস্থায় লায়লা টাওয়ারের সামনে সাবিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাকিব নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে।

ছেলে খুন হওয়ার খবর পেয়ে হাসপাতালে সাবিকের মাবাবা সহ আত্মীয় স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধবাবার পথ ধরে রাজনীতিতে, তৃণমূল থেকে বঙ্গভবনে
পরবর্তী নিবন্ধদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল