মোটরের সংযোগ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ফুটবলারের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামের এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তার মোটরের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আবদুল করিমের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল সাদেকসহ কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছরের জমে থাকা ময়লা অবশেষে পরিষ্কার, স্বস্তি