মীরসরাইয়ে বোরো চাষ, সেচে সমস্যা

মাহবুব পলাশ, মীরসরাই | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

কৃষিপ্রধান মীরসরাই উপজেলা জেলার বৃহত্তম একটি গুরুত্বপূর্ণ কৃষি জনপদ। এবারও ভালো বোরো ফলনের প্রত্যাশায় মাঠে সারি সারি সবুজ ধানের চারা রোপণ শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় ভালো ফলন আশা করা হলেও, কিছু এলাকায় পানির সংকট মোকাবিলা করতে হচ্ছে। উপজেলার অধিকাংশ সেচ ব্যবস্থার স্লুইস গেট ক্ষতিগ্রস্ত থাকায় চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

শীতের হিমেল আবহাওয়াতেও মীরসরাইয়ের কৃষকরা থেমে নেই। দুর্গাপুর, কাটাছরা, করেরহাট, ইছাখালী, ওয়াহেদপুর, খৈয়াছরাসহ সর্বত্র বোরো চারা রোপণে ব্যস্ততা লক্ষ্য করা গেছে। কৃষকরা জানাচ্ছেন, সেচের পানির অভাবে কিছু এলাকায় অসুবিধা হলেও, খাল খনন ও সংস্কারের ফলে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় চাষাবাদে সুবিধা হয়েছে। এবার প্রথমবারের মতো ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে আধুনিক চাষাবাদ শুরু হয়েছে, যা কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

তবে পশ্চিম অলিনগর ও হিঙ্গুলীসহ কিছু এলাকায় খাল ভরাট হওয়ায় সেচ সংকট দেখা দেয়। কৃষকরা পাউবোর উদাসীনতাকেই দায়ী করছেন। মীরসরাই সদর অঞ্চলের অছি মিয়া ব্রিজ সংলগ্ন স্লুইস গেটটি অকেজো অবস্থায় পড়ে আছে। এর উপরের অংশে থাকা উচিত পানির রিজার্ভ, যা সেচ কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন সেখানে ময়লা ও আবর্জনা জমে আছে।

উপজেলার কাটাছরা গ্রামের কৃষক বদর আলী (৫৫) জানান, দুর্গাপুর ও কাটাছরা এলাকার দুটি স্লুইস গেট দীর্ঘদিন ধরে সচল নয়, যার কারণে বোরো চাষের সময় তারা প্রতিকূলতায় পড়েন। এ ধরনের সমস্যা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে দেখা যায়।

কৃষি সমপ্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, মীরসরাইয়ে ১৩২টি স্লুইস গেট আছে, এর শতাধিকই বিকল রয়েছে। ট্রান্সফরমার ব্যবস্থাও সচল নয়। তবু এবার ১৯ হাজার ২০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ইতোমধ্যে চারা রোপণে ব্যস্ত। তবে স্লুইস গেটগুলো সচল থাকলে চাষাবাদের পরিমাণ আরও কয়েকগুণ বৃদ্ধি পেত।

পাউবোর মীরসরাই অঞ্চলের দায়িত্বরত প্রকৌশলী ফজলুল হক জানান, অকেজো স্লুইস গেটগুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকানাডার হাই স্কুলে নারী বন্দুকধারীর গুলি, নিহত ১০
পরবর্তী নিবন্ধ‘দেশ বিক্রি করে দিতে লজ্জা করল না?’ মোদিকে রাহুলের প্রশ্ন