পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,পাহাড়ের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বান্দরবান জেলায় ম্রো কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে আরও সমপ্রসারিত করা হবে। এই দেশকে আরো শান্তিপূর্ণ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বান্দরবানের সূয়ালক ইউনিয়নে ম্রো কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর হেলাল আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব এবং সমস্যা–সম্ভাবনাগুলো চিহ্নিত করে পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করবে সরকার। এ অঞ্চলের মানোন্নয়নে অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে পার্বত্যাঞ্চলের মানুষদের। আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি মাত্র ৪৬ দিন হয়েছে, ক্রমান্বয়ে সব ঠিক হয়ে যাবে। এই অঞ্চলে বিভিন্ন সমস্যাসহ ১২টি সমপ্রদায়ের জীবন যাত্রার মান উন্নত করতে শিক্ষার আলোয় আলোকিত করতে পদক্ষেপ নেয়া হবে।
পরিদর্শনকালে তিনি ম্রো কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাবার বিতরণ করেন। পরে তিনি সুয়ালক মাঝের পাড়ায় মারমা সমপ্রদায় আয়োজিত সাংগ্রাই উৎসবের জলকেলী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।














