জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য মিরাজদের

বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:০২ পূর্বাহ্ণ

সবশেষ সিরিজে পাকিস্তানকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবারের সিরিজে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আছে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে। তবে এবার নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ না থাকলেও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে। তাই জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের আলোয় অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। খেলাটি টিস্পোর্টস, নাগরিক টিভি এবং ট্যাপমেড এ দেখা যাবে। সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন জয় দিয়ে সিরিজ শুরু কথা। তিনি বলেন, প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারলে পুরো সিরিজে ভালো পারফরমেন্সের আত্মবিশ্বাস যোগাবে।’ দিনের আলোয় খেলা নিয়ে মিরাজ বলেন, ‘আমরা গত এক মাস ধরে খুব ভালোভাবে অনুশীলন করেছি এবং বেশিরভাগ অনুশীলন সেশনই দিনের আলোয় হয়েছে। ম্যাচের সময় পরিবর্তনে দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। সিরিজ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের মধ্যে বোঝাপড়া চমৎকার। সবাই পারফর্ম করতে এবং অবদান রাখতে মুখিয়ে আছে। সিরিজ জয়ে খেলোয়াড়রা বেশ অনুপ্রাণিত বলে আমার মনে হয়।’ নিউজিল্যান্ডের প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড় না থাকার পরও সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না মিরাজ। তিনি বলেন, ‘প্রথম সারির বা দ্বিতীয় সেরা দল বলে কিছু হয় না। এটা জাতীয় দল এবং সবাই নিজ দেশের প্রতিনিধিত্ব করে থাকে। নিউজিল্যান্ড ঐতিহ্যগতভাবে খুবই শৃঙ্খলাপরায়ণ এবং তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং সেরা পারফরমেন্স করতে হবে।’ সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডেরও। দলের অধিনায়ক টম লাথাম বলেন, ‘আমরা এখানে সিরিজ জিততে এসেছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যাদের এই ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা কম। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলার সুযোগ পাবে, তা আমাদের জন্য ভালো হবে। আমরা প্রতি ম্যাচ থেকে শিখতে ও উন্নতি করতে পারলে সিরিজ শেষে আমরা ইতিবাচক ফলাফল অর্জন করতে পারব।’

লাথাম আরও জানান, তরুণ খেলোয়াড়দের পথ দেখাতে সিনিয়ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, যখন কোনো দল কম অভিজ্ঞ হয়ে থাকে, তখন যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলেছে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া জরুরি। প্রস্তুতি মূল বিষয়, কিন্তু খেলা শুরু হয়ে গেলে, সামনে যা আছে সেগুলোর সাথে মানিয়ে নেওয়া এবং কার্যকর করাই আসল কাজ। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশনিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৪টি এবং বাংলাদেশ ১১টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্যাঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে
পরবর্তী নিবন্ধমাতামুহুরীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু