কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাকস্থলীতে ইয়াবা বহনকারী দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীর থেকে মোট ৫ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত টেক্সি তল্লাশি করে প্রথমে হামিদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তার শরীর থেকে ৩ হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
একই সময়ে অন্য একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ফাহিম (২১) নামে আরও একজনকে আটক করে বিজিবি। তিনিও একইভাবে পেটে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে ১ হাজার ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।









