নগরে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হামরুবেলা টিকার দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত মাসব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি। সকাল ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। গতকাল নগরীর লালদীঘির পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানান।

তিনি আরো জানান, ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হামরুবেলা টিকা প্রদান করা হবে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এবারের ক্যাম্পেইনে সাতটি জোনের ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপআপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন চালু থাকবে।

মেয়র আরও জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং পরবর্তীতে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এমনকি মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। এ ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, মাইকিং ও গণসচেতনতা কার্যক্রম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের জন্য অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা প্রদান করা হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর, সমপ্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. তপন কুমার, ডা. খাদিজা আহমেদ, ডা. আব্দুল মজিদ শিকদার, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার বিভাগীয় কোঅর্ডিনেটর ডা. ইমং প্রো চৌধুরী ও ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম।

অন্যদিকে চট্টগ্রামের ১৫ উপজেলায় সাড়ে সাত লাখ শিশুকে হাম রুবেলার টিকা দেয়ার নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সেই ক্যাম্পেইনে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনদিন এবং উপজেলার স্থায়ীঅস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েলের এভিয়েশন ডিপোর ম্যানেজারসহ চারজন সাসপেন্ড
পরবর্তী নিবন্ধকী বললেন মনজুর আলম, কী জানাল এনসিপি