নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব করে দেয়ার ঘটনায় পদ্মা অয়েল কোম্পানির এভিয়েশন ডিপোর ম্যানেজারসহ চারজনকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল তাদের সাসপেন্ড করা হয়।
সূত্র জানায়, গত ১১ মার্চ গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে ১৭৭টি ট্যাংক লরি জেট ফুয়েল পাঠানো হয়। কিন্তু কাগজেপত্রে ঠিকঠাক রাখা হলেও পরবর্তীতে ধরা পড়ে যে চার ট্যাংক লরির ৭২ হাজার লিটার তেল ডিপোতে পৌঁছেনি। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হলে পদ্মা অয়েলের উপ–মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. শফিউল আজম এসিএ, ব্যবস্থাপক (পরিচালন) পেয়ার আহাম্মদ এবং কর্মকর্তা (ইঞ্জি.) কে এম আবদুর রহিমের সমন্বয়ে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে রিপোর্ট প্রদান করলে গতকাল ডিপোর ম্যানেজার সাইদুল হক, চুক্তিভিত্তিক কর্মকর্তা ছামির উদ্দিন, চেকার আকতার কামাল এবং সিকিউরিটি বিভাগের নায়েক শওকত কাজীকে সাসপেন্ড করা হয়। তাদেরকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।














