বাংলাদেশ সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে মালয়েশিয়া ক্রিকেট বোর্ড। দুই টি–টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৫ আগস্ট ঢাকায় পৌঁছাবে দলটি। স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব। তিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন। খুলনার নাজমুস সাকিব ২০১৮ সালে জীবিকার তাগিদে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে কাজের ফাঁকে ক্রিকেট খেলতে খেলতে একসময় মালেয়েশিয়া ‘এ’ দল হয়ে জাতীয় দলেও জায়গা করে নেন। ২৬ বছর বয়সী কিপার–ব্যাটার এখন খেলবেন জন্মভূমির বিপক্ষে। মালেয়েশিয়া দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সৈয়দ আজিজ। বাংলাদেশ সফরে প্রথমে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি খেলবে মালয়েশিয়া। ম্যাচ দুটি হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।
বাংলাদেশ সফরের জন্য মালয়েশিয়ার স্কোয়াড: সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উনি, বিরানদীপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রশান্ত মাধুকর, নাজমুস সাকিব, শারভিন মুনিয়ান্ডি, আসলাম খান বিন মালিক, আহমাদ আকিল ওয়াহিদ ও বিষভারুবেন কুমার। মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি:৮ আগস্ট: প্রথম টি–টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর,১০ আগস্ট: দ্বিতীয় টি–টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর,১২ আগস্ট: প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল, বসুন্ধরা, ১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল, বসুন্ধরা,১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল, বসুন্ধরা।











