নগরীর মাইলের মাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে আনোয়ারার কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ানের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের পরিবহন থেকে একটি চক্র জোরপূর্বক চাঁদা আদায়ের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত এই চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে পুলিশ বলছে, পতেঙ্গা, ইপিজেড ও কোতোয়ালী এলাকা হয়ে আনোয়ারার কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ানের শ্রমিকরা যাতায়াত করেন। যেসব গাড়ি তাদেরকে নিয়মিত বহন করে সেসব গাড়ির মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। যার কারণে শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন এবং মাইলের মাথা এলাকায় বিক্ষোভ করেছেন। পরে ইয়ংওয়ানের ম্যানেজারসহ পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান আজাদীকে বলেন, শ্রমিকরা আধঘণ্টা রাস্তায় ছিলেন। আমরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। গাড়ি ভাংচুর বা মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি।














