হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার পর, নতুন অধিনায়ক বেছে নিতে বেশি সময় নিল না ভারত। অনুমিতভাবে ভারতের নারী দলের নেতৃত্ব পেলেন স্মৃতি মান্ধানা। ৩৭ বছর বয়সি হারমানপ্রিত প্রায় এক দশকের নেতৃত্বের পথচলার ইতি টানার ঘোষণা দেন মঙ্গলবার সকালে। রাতে ৩০ বছর বয়সি মান্ধানাকে সব সংস্করণের অধিনায়ক করার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। হারমানপ্রিতের অধিনায়কত্বের বড় একটা অংশে সহ–অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মান্ধানা। ভারপ্রাপ্ত দায়িত্বে নানা সময়ে ১৮ টি–টোয়েন্টি ও চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে স্টাইলিশ এই ব্যাটারের।











