হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি আদালত ২০২২ সালে এক নারীর নিখোঁজ হওয়া ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছেন। অপরাধমূলক আঁতাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত হন তারা। তবে নিখোঁজ ওই নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি, জানিয়েছে আল জাজিরা। খবর বিডিনিউজের।

শুক্রবার হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, জোরপূর্বক বাণিজ্যিক যৌনকাজ করার উদ্দেশ্যে পরিচালিত মানবপাচার চক্রের হয়ে নারীদের সংগ্রহ করার দায়ে ওই চারজন দোষী সাব্যস্ত হয়েছেন। তাই প্রত্যেক আসামির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। তবে মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে প্রমাণের অভাবে মানবপাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা। অপর মার্কিন নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহোর পাশাপাশি গ্রিন ও মারডককেও অপরাধমূলক আঁতাতের মতো তুলনামূলক লঘু অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অ্যাঞ্জি পেনার নিখোঁজ হওয়ার ঘটনা : ২০২২ সালের ১ জানুয়ারি হন্ডুরাসের উত্তর উপকূলের ক্যারিবীয় দ্বীপ রোয়াতানের কাছে জেট স্কি চালানোর সময় নিখোঁজ হন অ্যাঞ্জি পেনা। তখন তার বয়স ছিল ২২ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প ‘বন্ধু’ ডাকায় জেলেনস্কির ক্ষোভ, বললেন পুতিন তো ‘খুনি’
পরবর্তী নিবন্ধসৌদি জোটের বিশেষ অভিযানের পর রিয়াদে পাল্টা হামলা হুতিদের