যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করার পর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিন তো একজন ‘খুনি’। বিবিসি লিখেছে, চীনের শেনঝেনে বৃহস্পতিবার অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিন ও ট্রাম্পের। সেখানেই পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প এবং বলেন, দুই নেতার মধ্যে অনেক বছর ধরে দারুণ সম্পর্ক। জেলেনস্কি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, পুতিনকে কী বলে সম্বোধন করবেন, তা মার্কিন প্রেসিডেন্টের নিজের ব্যাপার। তবে তিনি (পুতিন) আমাদের একজন শত্রু…আমাদের কাছে তিনি হত্যাকারী। খবর বিডিনিউজের।
এদিকে শুক্রবারও ইউক্রেনের রাজধানী কিইভের বিভিন্ন রেলস্টেশন ও সেতু লক্ষ্য করে রাশিয়ার চালানো হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন। ইউক্রেনের হামলায় ক্রাইমিয়া সেতুর বড় ধরনের ক্ষতি হওয়ার কয়েকদিন পর এ হামলা হল। একদিনেই ইউক্রেইনজুড়ে ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
এছাড়া ৪০০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, এ হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
ইউক্রেনে এসব হামলার কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুতিন ‘যুদ্ধের অবসান ঘটাতে চান’। তিনি বলেন, তারা (জেলেনস্কি ও পুতিন) দুজনই যুদ্ধের অবসান চান। আর দুজনের সঙ্গেই আমার সম্পর্ক থাকাটা চমৎকার একটি বিষয়।










