কর্ণফুলীর শিকলবাহায় পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কর্ণফুলী গার্ডেনের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত মো. শহীদ (২১) শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জহুরের বাড়ির আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শহীদের বড় ভাই তৌহিদের সঙ্গে স্থানীয় আবিদ হোসেন দোয়েল নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। রোববার সকালে ওই ঘটনার জের ধরে আবিদ হোসেন দোয়েল তৌহিদকে না পেয়ে ভাড়া বাসায় ঢুকে ঘুমন্ত শহীদকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।
আহত শহীদের খালাতো ভাই জোস মোহাম্মদ বলেন, শহীদের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবিদ হোসেন দোয়েল এসে শহীদকে কুপিয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবিদ হোসেন দোয়েলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












