ব্রিটিশ রানির প্রতি শেষ শ্রদ্ধা শেখ হাসিনার

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শামিল হয়েছেন হাজারো মানুষের কাতারে, যারা সবচেয়ে বেশি সময় ব্রিটেনের সিংহাসনের অধিষ্ঠাত্রীকে শেষ বিদায় জানাতে সমবেত হয়েছেন। রোববার সকালে বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে যান শেখ হাসিনা।
বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম পরে সাংবাদিকদের বলেন, ‘তারা দুইজনই (শেখ হাসিনা ও শেখ রেহানা) শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দুঃখ ভারাক্রান্ত ছিলেন পুরোটা সময়। রানি উনাদের দুই বোনকেই খুব ভালোবাসতেন। একজনকে দেখলে আরেক জনের কথা জিজ্ঞেস করতেন।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বিশ্ব নেতাদের অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ রানির কফিনে। খবর বিডিনিউজের।
প্রয়াত ব্রিটিশ রানিকে বর্তমানে ওয়েস্টমিনস্টার হলে শায়িত রাখা হয়েছে। সেখানেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব। আজ ওয়েস্টমনিস্টার অ্যাবিতে হবে তার শেষকৃত্য। সাইদা মুনা তাসনিম জানান, রানির কফিনে শ্রদ্ধা জানানোর পর সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রীয় অতিথি ভবন ল্যাঙ্কাস্টার হাউসে নিয়ে যাওয়া হয়, সেখানে রানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। শোক বইতে শেখ হাসিনা বাংলায় লেখেন, ‘বাংলাদেশের জনগণ, আমার পরিবার ও আমার ছোট বোন রেহানার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি।’ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শোক বইয়ে স্বাক্ষর করে লিখেছেন, ‘তিনি ছিলেন আমাদের হৃদয়ের রানি, চিরদিন তাই থাকবেন।’
ল্যাঙ্কাস্টার হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকি ফোর্ট। প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানাতে আসায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং দুজনে কিছু মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে ফোন করে ধন্যবাদ রাজা চার্লসের :
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় বার্কিংহাম প্রাসাদ থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।
টেলিফোন আলাপে রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ আলাপচারিতার সময় শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় এ শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান। ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রাণীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন। টেলিফোন আলাপকালে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহনের জন্য রাজা তৃতীয় চার্লসকে আবারও অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে বাংলাদেশে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) সফরের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজা চার্লস ও কুইন কনসোর্টকে আগামী মাসে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।
জবাবে রাজা বলেন, ৫০তম এই বর্ষপূর্তিতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সামপ্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যজনকভাবে তা বাতিল করতে হচ্ছে। বাংলাদেশের জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের শুভ কামনা জানান রাজা চার্লস।
দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটেন ছাড়াও আরও ১৪টি রাষ্ট্রের প্রধান এবং বাংলাদেশসহ ৫৬ সদস্যের কমনওয়েলথের প্রধান ছিলেন। রানীর শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন।

পূর্ববর্তী নিবন্ধকাটতে হলো আহত অন্যথোয়াই তঞ্চঙ্গ্যার পা
পরবর্তী নিবন্ধসাগরে কমছে লাক্ষাসহ সুস্বাদু অনেক মাছ