‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সাইদুর রহমান পাভেল। কিন্তু সমপ্রতি তার একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। গুঞ্জন উঠেছে, এই ভিডিও ফাঁসের জেরেই নাকি জনপ্রিয় এই সিরিজ থেকে বাদ পড়তে যাচ্ছেন অভিনেতা।

এই গুঞ্জন তৈরির নেপথ্য ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমির একটি পোস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন অমি। সেখানে ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত শিল্পীদের নাম থাকলেও চোখে পড়েনি সাইদুর রহমান পাভেলের নাম। আর এতেই নেটিজেনদের আলোচনা আরও জোরালো হয়, ব্যক্তিগত ভিডিও বিতর্কের কারণেই হয়তো সিরিজটি থেকে পাভেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর করতে ঢাকা পোস্টের পক্ষ থেকে নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে যোগাযোগ করা হয়। পাভেলকে সরিয়ে দেওয়ার গুঞ্জনের সত্যতা জানতে চেয়ে বারবার যোগাযোগ করা হলেও কার্যত নীরব থেকেছেন তিনি। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছিলেন অভিনেতা। তার দাবি, ফোনের অপর পাশের নারীর সঙ্গে তার শুধুই বন্ধুত্বের সম্পর্ক, এর বেশি কিছু না। আরও খবর রটেছে, এই অভিনেতার আরও একটি পাঁচ মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও নতুন ভিডিওটি প্রসঙ্গে সত্যতা যাচাই করেনি ঢাকা পোস্ট।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধআজ শেষ দিনে ডলু নদীর হাওয়া