অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জাতীয় সংসদে তুলেছেন চট্টগ্রামের দুই সংসদ সদস্য। গতকাল সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিএনপির এই দুই সংসদ সদস্য এ দাবি তোলেন। খবর বিডিনিউজের।
চট্টগ্রাম–১২ আসনে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলে ১০ হাজারের উপরে ছেলে–মেয়েকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরিতে পুনর্বহাল করা দরকার। একই দাবি তুলে চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, সঠিক তদন্ত করে চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের আবার কাজে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
এনামুল হক বলেন, ‘আমি এখানে আপনার (স্পিকার) মাধ্যমে আবেদন জানাই, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করার জন্য।’
জসিম উদ্দিন বলেন, ‘ব্যাংকার ভাইরা তাদেরকে ইন্টেরিম গভর্নমেন্টের সময় চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বেহাল অবস্থা। তদন্ত করে তাদের চাকরিতে ফেরানো উচিত।’














