বিয়ের জন্য পাত্রী খুঁজছিল পরিবার, ডেঙ্গুতে শেষ হল যুবকের স্বপ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

স্বপ্ন ছিল সুখের ঘর বাঁধবেন। গ্রামে সবাইকে নিয়ে আনন্দে এলাকা মাতিয়ে বিয়ে করবেন। বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে আশা আর পূরণ হল না যুবক রাফসান ও তার পরিবারের।

৫ দিন ডেঙ্গু আক্রান্ত থাকার পর গতকাল দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাফসান মোহাম্মদ (২৪) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর তুলাতলী এলাকার মৃত নুরুল ইসলামের বড় ছেলে।

নিহতের চাচা মো. সাইদুল বলেন, গত ৬৭ বছর আগে রাফসানের বাবা মারা যান। তিন ভাই ও চার বোনের মধ্যে সবার বড় রাফসান এবং সংসারের একমাত্র উপার্জনকারী। সংসারের বড় ছেলে হিসেবে তাকে বিয়ে করানোর জন্য পরিবারের সদস্য ও স্বজনরা পাত্রী দেখছিলেন। কিন্তু এরই মধ্যে গত ৫ দিন আগে অসুস্থ হয়ে পড়েন রাফসান। চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু আক্রান্ত। এরপর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পর এক পর্যায়ে তাকে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে গতকাল মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এদিন মির্জাপুর তুলাতলী জামে মসজিদ প্রাঙ্গনে এশার নামাজের পর পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমায়ের কোল থেকে পড়ে রিকশার চাকায় প্রাণ গেল শিশুর