ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসতে এবং বিশ্বকাপে অভিষেকের জন্য মুখিয়ে আছেন স্পেনিশ সেনসেশন লামিন ইয়ামাল। বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা উইঙ্গার ইয়ামাল ২২ এপ্রিল হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন। স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে সপ্তাহের শুরুতে বলেন সোমবার কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালের ফিট হয়ে ফিরে আসার আশা করা হচ্ছে। যদিও ইয়ামালের মূল একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অনুশীলনের সময় স্পেন দলের টেকনিক্যাল ডিরেক্টর কারানকা গণমাধ্যমে বলেন, ‘অবশ্যই একজন খেলোয়াড় সবসময়ই মাঠে থাকতে চায়। আমরা ইয়ামালের সাথে এ বিষয়ে কথা বলেছি। বিশ্বকাপে মাঠে নামতে সে যে কি পরিমাণ মুখিয়ে আছে তা কল্পনাও করা যাবেনা। এটা তার বিশ্বকাপ এবং দলের সবাই তাকে সহযোগিতা করতে চায়। কিন্তু লুইস ও তার মেডিকেল টিমই শেষ পর্যন্ত ইয়ামালের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’ শুধুমাত্র ইয়ামাল নয়, স্পেন দলে আরও ইনজুরি সমস্যা আছে। নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজের সাথে ইয়ামালও গত সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ৩–১ গোলে প্রীতি ম্যাচে ডাগআউটে ছিলেন না। ২০১০ সালের বিজয়ী স্পেন গ্রুপ–এইচ’এ দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়েরও মোকাবেলা করবে।












