বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন : ফখরুল

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছেন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেনসরকারকে পাঁচ বছর থাকতে দেব না। এ ভাষায় কথা বলতেন হাসিনা। ওরা (আওয়ামী লীগ) ৯১ সালে যখন বিরোধী দলে ছিল, তখন বলেছিল যে, একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না। আজ একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আমাদের বিরোধী দলের নেতারা। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের এক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব এসব কথা বলেন। খবর বিডিনিউজের। বিরোধী দলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে, সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে।

দুর্ভাগ্য আমাদের যে তারা সেই আগের মতই রাস্তায় নেমে প্রতিবাদ করে জনমত তৈরির চেষ্টা করছে। এটাও তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক নীতি। কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায়, যে পর্যায়ে গিয়ে একটা সংঘাতে রূপ নেয়। জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভা আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের বিধান রেখে গুম আইনের খসড়া অনুমোদন
পরবর্তী নিবন্ধ২০২৬ সালের ‘অত্যাবশ্যকীয়’ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল