বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। তার আগেই পরিচালক পদে নির্বাচিত হয়ে গেলেন ৪ কাউন্সিলর। মনোনয়ন যাচাই–বাছাই শেষে ক্যাটাগরি–১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা থেকে ঢাকা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগের পরিচালক চূড়ান্ত হয়ে গেছে। পরিচালক নির্ধারণ হয়ে গেছে ক্যাটাগরি–৩ থেকেও। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ৩ বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন ১ জন করে। ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও বাদ পড়েছেন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে। এ ছাড়া বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও ১ জনের বিপরীতে একজন মনোনয়ন দাখিল করেছেন। যাচাই–বাছাই পার করে যাওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। যাচাই–বাছাইয়ে গতকাল বাতিল হয়েছে জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন। তিনি গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। গতকাল ২৩ মে বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই–বাছাই শেষে তালিকা প্রকাশ করেছে বিসিবি। দাখিল করা ৩৩ মনোনয়নের ১টি বাদে বাকি সব বৈধ হিসেবে গৃহীত হয়েছে। ক্যাটাগরি–১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরিতে–চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন বৈধ হয়েছে ৩ জনের– মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি, শরিফুল ইসলাম। এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন ২ জন। খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন ২ জন। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন ২ জন– মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরি, নির্বাচিত হবেন ১ জন। ক্যাটাগরি–৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। তাদের মধ্যে অন্যতম হলেন– তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা। আজ ২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর মধ্যে ক্যাটাগরি–১ থেকে ১০ জন, ক্যাটাগরি–২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে আরও দুই পরিচালক। পরে ২৫ জন পরিচালক মিলে নির্বাচিত করবেন বিসিবির পরবর্তী সভাপতি। এবার ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান কাউন্সিলরশিপ জমা দেয়নি। ফলে ১৮৪ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।












