বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বলিভিয়ায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও তীব্র অর্থনৈতিক চাপের জেরে কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মুখে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাজ এই ঘোষণা দেন, খবর সিএনএনের। খবর বিডিনিউজের।

শ্রমিক ইউনিয়ন, কৃষক এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সমর্থনপুষ্ট এই বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবি করছে। গত ৫০ দিন ধরে চলা টানা সড়ক অবরোধের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। পুরো দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

শনিবারের ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, দেশের প্রধান সড়কগুলো মুক্ত করতে আমি জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছি। বলিভিয়ার নাগরিকরা এভাবে অবরোধের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না যা তাদের কাজ করা, পড়াশোনা, চিকিৎসা সেবা নেওয়া এবং নিজেদের ভরণপোষণের রসদ জোগানোর অধিকারকে বাধাগ্রস্ত করছে।

প্রেসিডেন্ট জানান, এই আদেশ জারির ফলে এখন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সড়ক সচল করতে সেনাবাহিনী ও পুলিশ সরাসরি মাঠে নামতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনমেলা
পরবর্তী নিবন্ধলিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার