বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। গত শনিবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ থেকে অঙিজেনগামী পাকা সড়কের বজল সওদাগর মার্কেটের সামনে অভিযান চালিয়ে প্রথমে রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২), মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে মিছিলে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির (৩১) এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজকে (২৯) গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহসভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন বায়েজিদ বোস্তামী থানা ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন খাতে
পরবর্তী নিবন্ধহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের ২ মামলা