বান্দরবানে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান। ক্লাবের উদ্যোগে গতকাল ১৭ জানুয়ারি জামিয়াতুল কামালাত তা’লীমুন ইসলাম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. ইঞ্জিনিয়ার রুই প্রু অং চৌধুরী। ক্লাবের সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মাসংচিং এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ–সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট–৩ এর অতীত গভর্নর এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপে. তারেক, এপেক্সিয়ান ইকবালসহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এপে. নাসিম আহমেদ বলেন, শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এপেক্স ক্লাব সমাজের অসহায় মানুষের কল্যাণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।










