বান্দরবানে ডিপিএইচইর প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের পাশাপাশি কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন দুদকের টিম। গতকাল রোববার দুপুরে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের কাছে ২০২৫২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র যাচাইবাছাই করেন দুদকের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফাইল, দরপত্রসংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা করা হয়।

দুদকের টিম প্রকল্পের অনিয়মের যাচাইবাছাই করতে কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যান। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়।

দুদক সূত্র জানায়, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং ও স্যানিটেশন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের টিম যেসব প্রকল্পের অভিযান পরিচালনা শুরু করেছে। আর প্রকল্পগুলো যে যে উপজেলায় বাস্তবায়ন হয়েছে সেগুলো পরিদর্শন শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
পরবর্তী নিবন্ধহাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ