বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় চীনের ১২ কোম্পানি

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় তার সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনা ১২টি কোম্পানি। গত ২৫ জুন বেইজিংয়ে ১২টি কোম্পানির প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিনিয়োগের প্রস্তাব দেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করেছে। তিনি বলেন, বাংলাদেশ এবারই প্রথম পাঁচ বছরের একটি কর রূপরেখা উপস্থাপন করেছে, যা সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতিগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে তুলে ধরেছে। খবর বিডিনিউজের।

বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ (ডব্লিউটিই) প্লান্ট উন্নয়নে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। চীন ফিউচার অ্যানার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা পোর্ট ইকোনমিক জোন উন্নয়ন ও পরিচালনার জন্য ৬৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে বন্ডেড ওয়ারহাউস সুবিধা এবং লজিস্টিকস অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বিদ্যুতের স্মার্ট মিটার তৈরিতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধনগরীর ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি