বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে ১৫ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম। চলমান ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে দলটি। পুরো দল আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ–অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহ্যাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড জ্যোতিরা