অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য মাত্র ২২.৪ ওভারেই পেরিয়ে যায় অজিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুন ১ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি ৯ রানে আউট হন। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। স্বর্ণা ৭১ বলে অপরাজিত ৫৪ রান তুলে দলের সংগ্রহ বাড়ান। ৮টি চারে ৯৩ বলে ৫০ রান করে আউট হন শারমিন। হাফ–সেঞ্চুরির স্বাদ পাওয়া স্বর্ণা ৪ বাউন্ডারিতে ৭১ বলে ৫৪ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেগান শুট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পান ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও জয়ে কোনো বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে।

জর্জিয়া ভোল ১১ ও বেথ মুনি ২১ রান করে ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন সাদারল্যান্ড ও এলিসি পেরি। সাদারল্যান্ড ৫২ বলে ১২টি চারের সাহায্যে অপরাজিত ৭৪ রান করেন। পেরি ৬৪ বলে ৮টি চারে করেন অপরাজিত ৬৫ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে সহজ জয় পায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নেন বাংলাদেশের অফ–স্পিনার সুলতানা খাতুন ও পেসার দিশা বিশ্বাস। ম্যাচ ও সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার শুট। এর আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজ