বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এর আগে ১৫ মে বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’র অতিরিক্ত অর্থায়ন হিসেবে এই ঋণ অনুমোদন দেওয়া হয়। খবর বিডিনিউজের। বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এলএনজির দাম বেড়েছে এবং সরবরাহ ব্যাহত হয়েছে। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা বাড়াচ্ছে, যা ব্যয়বহুল জ্বালানি সংকট থেকে অর্থনীতি ও জনগণকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত হলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কার্যক্রম এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, বাংলাদেশের জন্য মূল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ‘এনার্জি সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ ২০২৫ সালের ১৮ জুন বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ অনুমোদন করে। প্রকল্পটির মেয়াদ ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।













