কঙবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক ব্যবসায়ীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীসহ তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের রাহাত আলী পাড়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আজিজুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির লোকজনের উপস্থিতিতেই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা চেষ্টা করেও ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। একপর্যায়ে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর দুর্দশা লাঘবে জরুরি খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।












