বাঁশখালীতে মাছ ধরার ট্রলার জব্দ, মালিককে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে বাঁশখালীতে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার শেখেরখীল ও গন্ডামারা সংলগ্ন বঙ্গোপসাগর মোহনায় অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড পূর্ব জোন ও বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাটখালী এস আলম জেটির পশ্চিমে সাগরে মাছ ধরারত অবস্থায় ‘এফবি শহীদ’ নামের একটি নৌযান জব্দ করা হয়।

নৌযানটি থেকে ৯৮০ কেজি (২৮ ড্রাম) বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। রাতেই জব্দকৃত এসব মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পাশাপাশি সরকারি আদেশ অমান্য করায় নৌযানটির মালিককেও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই অভিযান ও প্রচারণা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজাতিসত্তার উৎসব বাংলা নববর্ষ
পরবর্তী নিবন্ধমমতা স্বাস্থ্য কর্মসূচির হাম-রুবেলার টিকাদান কর্মসূচি