বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লাখ ৫০ হাজার ফলজ বনজ ও ঔষধি চারা রোপন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এসব চারা রোপন করা হবে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের গোবিন্দ খালের উভয় পাড়ে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেকুর রহমানসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। চারা রোপনকালে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, চলতি বছরে বাঁশখালীতে প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার ফলজ বনজ ও ঔষধি চারা রোপণ করবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ উদ্যোগে চারা রোপণ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সর্বত্মাক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার চাম্বল উচ্চ বিদ্যালয়ে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।













