ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর আর নেই। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে দীর্ঘ প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। খবর বাংলানিউজের।
সুদীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপ পরিবেশনের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকর। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই কিংবদন্তি ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ এবং ‘যশোবন্ত’–এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন নানা পাটেকর। পরবর্তীতে ২০০০–এর দশকের সূচনালগ্নে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাঙি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় তার দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। বাণিজ্যিক ধারার কমেডি ছবি ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি।












