বরুমচড়া হাজারি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের পশ্চিম বরুমচড়ার ৩০ হাজারের বেশি বাসিন্দার যাতায়াতের একমাত্র মাধ্যম বরুমচড়া হাজারি সড়ক। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এ সড়কের তিন কিলোমিটারের বেশি অংশ যানবাহন চলাচল ও স্থানীয়দের চলাচলের অনুপযোগী হয়ে পড়লে উপজেলা প্রকৌশল বিভাগ সড়কটি গত দুই বছর আগে সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ করলেও সামান্য কাজ করার পর টিকাদারী প্রতিষ্ঠান কাজ না করে উধাও। যার ফলে সড়কটির অবস্থা বেহাল হয়েছে। যাতায়াতের বিকল্প কোনো সড়ক না থাকায় দুর্ভোগের শিকার হয় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এলাকার শত শত মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বর্তমানে সড়কটি দেখতে মনে হয় এটি কোন সড়ক নয় যেন মরণ ফাঁদ। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার পশ্চিম বরুমচড়া হাজারি সড়কে বরুমচড়া তরুণ যুব সমাজের উদ্যোগে ও জাফরআয়শা ফাউন্ডেশনের পরিচালক আরিফ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় সড়ক সংস্কারের দাবি ও টিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার উধাও দুই বছরের বেশি সময় ধরে ৩০ হাজারের বেশী মানুষের যাতায়াত ব্যবস্থা চরম দুর্ভোগ নেমেও এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি । ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার কারণে এই সড়কে পূর্বের চেয়ে আরও বড় বড় গর্ত হয়ে পড়ে। যার ফলে স্থানীয় এ সড়কে চলাচলকারী মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। তাই অতি দ্রুত সময়ে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হাজারী সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধরোটার‌্যাক্ট ক্লাব পোর্ট সিটির চারা বিতরণ
পরবর্তী নিবন্ধ৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলায় শিশুসাহিত্য উৎসব